মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোর সোয়া ৬টার দিকে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। স্বল্প সময়ের এই কম্পন ঘুম ভাঙিয়ে দেয় হাজারো মানুষের। আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইএমএসসি জানায়, ভোর ৬টা ১৫ মিনিটে সংঘটিত ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ৪ দশমিক ১। এর উৎপত্তিস্থল নির্ধারণ করা হয়েছে গাজীপুরের টঙ্গী থেকে ৩৩ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে এবং নরসিংদী শহর থেকে মাত্র ৩ কিলোমিটার উত্তরে। ভূমিকম্পটির গভীরতা ছিল ৩০ কিলোমিটার, যা মাঝারি গভীরতার মধ্যে পড়ে।
এর আগে সোমবার (১ ডিসেম্বর) রাত ১২টা ৫৭ মিনিটে কক্সবাজার শহর, উখিয়া ও চকরিয়ায় ভূকম্পন অনুভূত হওয়ায় মানুষের মাঝে আতঙ্ক তৈরি হয়। পাশাপাশি গত কয়েকদিন ধরে নরসিংদী অঞ্চলে বিরতিহীন ছোট ছোট কম্পন হচ্ছে, যা ঢাকায় পর্যন্ত অনুভূত হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের ধারাবাহিক ক্ষুদ্র ভূমিকম্পকে কিছু ক্ষেত্রে বড় ভূমিকম্পের পূর্বাভাস হিসেবে বিবেচনা করা হয়। বিশেষ করে ঢাকার মতো অগঠিত নগরায়নের শহরে বড় কম্পনের ঝুঁকি অনেক বেশি। তারা মনে করেন, এখনই ঝুঁকিপূর্ণ ভবন শনাক্ত, সংস্কার ও পুনর্নির্মাণ জরুরি। পাশাপাশি জরুরি সাড়া ব্যবস্থা শক্তিশালী করা, মহড়া পরিচালনা এবং জনসচেতনতা বাড়ানো অত্যন্ত প্রয়োজন।
জনগণকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শও দিয়েছেন ভূতত্ত্ববিদরা।
Leave a Reply