বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ আসন্ন জাতীয় নির্বাচনে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো শনাক্ত করে রঙভিত্তিক জোনিং পদ্ধতির মাধ্যমে নিরাপত্তা জোরদার করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। বুধবার বিজিবি সদর দপ্তরে নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়া পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
সিইসি বলেন—নির্বাচনপূর্ব নিরাপত্তা পরিকল্পনায় রেড জোনে থাকবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা, ইয়েলো জোনে মাঝারি ঝুঁকি, আর গ্রিন জোনে থাকবে সাধারণ এলাকা। তিনি জানান, “এই জোনিং অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। ৩০ নভেম্বর সব বাহিনীর সঙ্গে যৌথ সভায় ডেপ্লয়মেন্ট স্ট্যাটেজি চূড়ান্ত হবে।”
তিনি আরও জানান—৫ আগস্ট পরবর্তী সময়ে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে। “পুরোপুরি নিখুঁত না হলেও পরিস্থিতি নির্বাচনের উপযোগী হচ্ছে; ভোটের আগেই তা আরও ভালো হবে,” বলেন সিইসি।
বিজিবি, পুলিশ, আনসারসহ সংশ্লিষ্ট বাহিনী নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছে উল্লেখ করে তিনি বলেন—নিরাপত্তা বাহিনীর প্রস্তুতি সন্তোষজনক। এসব প্রশিক্ষণ মাঠপর্যায়ে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ‘ইতিবাচক প্রভাব ফেলবে।’
সিইসি আরও মন্তব্য করেন—নির্বাচন কমিশনের লক্ষ্য হলো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। তিনি বলেন, “জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার যে ওয়াদা কমিশন করেছে, আমরা তা পূরণে অঙ্গীকারবদ্ধ।”
নির্বাচনী মহড়ায় উপস্থিত কর্মকর্তারা জানান—বিজিবির বিশেষ প্রশিক্ষণে নির্বাচনকালীন প্রয়োজনীয় কৌশলগুলো জোরদার করা হচ্ছে। সীমান্তবর্তী এলাকা ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রে অতিরিক্ত টহলও বাড়ানো হবে বলে জানা গেছে।
নিরাপত্তা জোরদার ও জোনভিত্তিক পরিকল্পনা নির্বাচনী পরিবেশকে আরও স্থিতিশীল করবে বলে আশা করছে প্রশাসন।
Leave a Reply