ভয়েস অব বরিশাল ডেস্ক॥ আইজিপি ড. বেনজীর আহমেদ বলেছেন, যেকোনো পরিস্থিতিতে পুলিশ সর্বোচ্চ সক্ষমতা দিয়ে জনগণের পাশে থাকবে। পুলিশের দায়িত্ব দেশের প্রত্যেক মানুষের নিরাপত্তা দেওয়া। পুলিশ বিগত সময়ে সর্বোচ্চ সামর্থ্য ও শক্তি দিয়ে প্রত্যেক নাগরিক এবং দেশের সম্পদ রক্ষার চেষ্টা করেছে।
বুধবার দুপুরে বরিশাল জেলা পুলিশ লাইন্সে মেট্রোপলিটন পুলিশের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আইজিপি বলেন, দেশের স্বার্থে কেউ কোনো প্রকার বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করবেন না। রাষ্ট্রের সম্পদ নষ্ট করবেন না। দায়িত্ববান রাজনীতিবিদরা কখনোই ধ্বংসাত্মক কার্যকলাপে লিপ্ত হন না।
এর আগে, পুলিশ লাইন্স মাঠে সুধী সমাবেশে ড. বেনজীর আহমেদ বলেন, সুশৃঙ্খল সমাজ এবং সুশাসনের জন্য রাষ্ট্র, সমাজ এবং প্রতিটি নাগরিককে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। লক্ষ্য বঙ্গবন্ধুর ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ এবং আত্মমর্যাদাশীল জাতি, যেটি আমরা পরবর্তী প্রজন্মের জন্য রেখে যেতে চাই।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর কারণেই আজ আমরা আমাদের ভাগ্যের পরিবর্তন আনতে পেরেছি। বঙ্গবন্ধু একটা দেশ দিয়েছেন, আর তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে অর্থনৈতিক সামাজিক সমৃদ্ধি দিয়েছেন।
আইজিপি বলেন, গত ১৫ বছরে বরিশাল মেট্রোপলিটন পুলিশ অনেক ভালো কাজ করেছে। প্রশংসাও পেয়েছে। এতে আত্মতুষ্টিতে ভোগার কিছু নেই। আরো ভালো কাজ করতে হবে এবং সেটাই হবে পুলিশের লক্ষ্য।
সমাবেশের আগে পুলিশ লাইন্স মাঠে মেট্রোপলিটন পুলিশের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং নবনির্মিত এয়ারপোর্ট থানা ভবনের ফলক উন্মোচন করেন আইজিপি ড. বেনজীর আহমেদ।
Reporter Name 











