রাজাপুর প্রতিনিধি॥ ঝালকাঠির রাজাপুরে মাছ ধরতে গিয়ে বিশখালী নদীতে পড়ে মো. মিরাজ মোল্লা (২০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের পুখরিজানা গ্রামে এ ঘটনা ঘটে। নিখোঁজ মিরাজ ওই এলাকার আব্দুল হাই মোল্লার ছেলে।
স্থানীয়রা জানায়, দুপুর ১টার দিকে ঝাকি জাল নিয়ে বাড়ির পাশে বিশখালী নদীতে মাছ ধরতে যান মিরাজ। এ সময় মিরাজের সাথে রোমান (১২) নামে একটি শিশু ছিল। মিরাজ হাতের কব্জির সাথে জালের দড়ি বেঁধে নদীতে জাল ফেলার সময় নদীতে পড়ে যান। কিছু সময় অতিবাহিত হওয়ার পর মিরাজকে আর দেখতে না পেয়ে রোমান বাড়িতে এসে সবাইকে খবর দেয়। প্রথমে স্বজনরা ট্রলার নিয়ে নদীতে খোঁজ চালায়। কোনো সন্ধান না পাওয়ায় রাজাপুর ফায়ার সার্ভিসকে খবর দেয় স্বজনরা।
রাজাপুর ফায়ার সার্ভিস স্টেসনের ফায়ার ফাইটার মেহেদী হাসান ঘটনাস্থল থেকে জানান, খবর পাওয়ার পর থেকেই নিখোঁজ ব্যক্তির সন্ধানে অভিযান চলছে। বিকেল থেকে আভিযানিক দলের সাথে যোগ দিয়েছে বরিশাল থেকে আসা একটি ডুবুরি দল। তবে সন্ধ্যা ৭টা পর্যন্ত নিখোঁজ ব্যক্তির সন্ধান মেলেনি। অভিযান চলছে।
Reporter Name 

















