এস এম শামীম॥ বরিশালের আগৈলঝাড়ায় দেশীয় অস্ত্র, ইয়াবা, গাঁজাসহ পুলিশের দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামী সন্ত্রাসী মনির হোসেনকে গ্রেফতার করেছে বরিশাল র্যাব-৮ সদস্যরা। এ ঘটনায় র্যাব বাদী হয়ে আগৈলঝাড়া থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছে।
থানা সূত্রে জানা গেছে, বুধবার (২ ডিসেম্বর) রাতে র্যাবের টহল দল রত্নপুর ইউনিয়নের রত্নপুর বাজারে ডিউটি কালীন অবস্থায় স্থানীয় দলিল উদ্দিন হাওলাদারের ঘরে অস্ত্র ও মাদকসহ এক ব্যবসায়ির অবস্থান করার খবর পায়। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা ওই বাড়ি ঘেরাও করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ও মাদক ব্যবসায়ি পালিয়ে যাবার সময় ছয়গ্রামের মৃত জব্বার হাওলাদারের ছেলে মনির হোসেনকে (৩৬) আটক করে র্যাব সদস্যরা।
গ্রেফতারকৃত মনিরের স্বীকারোক্তি মতে তার শ্বশুর দলিল উদ্দিনের ঘর থেকে ২০ ইঞ্চি লম্বা একটি ত্রিফলা চাইনিজ কুড়াল, ২৭ ইঞ্চি লম্বা একটি ছোড়া, ২০পিচ ইয়াবা ট্যাবলেট ও ৩৫ গ্রাম গাঁজা উদ্ধার করে র্যাব সদস্যরা। অস্ত্র ও মাদক উদ্বারের ঘটনায় বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকালে র্যাবের ডিএডি মো. আবদুল্লাহ বাদী হয়ে মাদক ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে গ্রেফতারকৃত মনির হোসেনকে বরিশাল আদালতে প্রেরণ করেছে পুলিশ।
Reporter Name 












