মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি ॥ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে বাস-কাভার্ডভ্যান ও অ্যাম্বুলেন্সের ত্রিমুখী সংর্ঘষে ৬ জন নিহত হয়েছেন। বুধবার বিকাল সাড়ে ৪টায় দিকে উপজেলার আটিপাড়া রাস্তার মাথা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর স্থানীয়রা হতাহতদের উদ্ধার তৎপরতা শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। এ সময় মহাসড়কে প্রায় ঘন্টাব্যাপী যান চলাচল ব্যাহত হয়। উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল আহসান প্রাথমিকভাবে এই তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে রোগী নিয়ে বরিশাল যাওয়ার পথে উজিরপুরে ত্রিমুখী এ সংঘর্ষে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের ৫ যাত্রীর মৃত্যু হয় এবং হাসপাতালে নেয়ার পর আরেকজন মারা গেছেন। এছাড়া কাভার্ডভ্যানের একজন আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে মৃত এক নবজাতকের লাশ নিয়ে অ্যাম্বুলেন্সযোগে (ঢাকা মেট্রো-হ-৭১-১৭১৩) বরিশালের উদ্দেশ্যে আসছিল।
পথিমধ্যে উজিরপুর উপজেলার আটিপাড়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী কাভার্ডভ্যানের মুখোমুখী সংঘর্ষ হয়। এছাড়া পেছন থেকে একটি বাস এসে কাভার্ডভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের ৫ যাত্রী নিহত হন।
নিহতদের মধ্যে ২জন মহিলা ও পুরুষ ৩ জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে গুরুতর আহতাবস্থায় এ্যাম্বুলেন্স চালককে উদ্ধার করে উজিরপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
তিনি জানান, কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরে বিস্তারিত জানানো হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস উপস্থিত থাকলেও নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেননি।
Leave a Reply