চরফ্যাশন প্রতিনিধি॥ চরফ্যাশনে গাছের কাটা খণ্ডের নিচে চাপা পড়ে রুমা (৮) নামের এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার দুপুরে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জালু মুনসির চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু রুমা ওই এলাকার ইলিয়াছের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শিশুর চাচা মনির হোসেন তার বসতবাড়ির বিভিন্ন প্রজাতির গাছ কেটে বিক্রির উদ্দেশ্যে রাস্তার পাশে স্তূপ করে রাখেন। ঘটনার দিন শিশু রুমাসহ আরও কয়েক শিশু ওই স্তূপে উঠে খেলছিল। এ সময় গাছের স্তূপ থেকে গাছের কাটা একটি খণ্ড শিশুটিকে নিয়ে নিচে গড়িয়ে পড়ে।
এ সময়ে গাছের কাটা খণ্ডের নিচে শিশুটি চাপা পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত শিশুকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চরফ্যাশন থানার ওসি সামসুল আরেফিন জানান, কোনো অভিযোগ না থাকায় লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Reporter Name 

















