বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি ॥ নলছিটি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা খাবারের মান নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। পুষ্টিকর খাদ্যের পরিবর্তে পচা কলা বিতরণের অভিযোগে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নীতিমালা অনুযায়ী শিক্ষার্থীদের রুটি, বিস্কুট, ডিম, কলা ও দুধের মধ্যে অন্তত দুটি খাবার প্রতিদিন সরবরাহের কথা। কিন্তু অভিযোগ রয়েছে, তালিকাভুক্ত খাবারের মান ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলার কারণে বজায় রাখা হচ্ছে না।
মঙ্গলবার (৭ এপ্রিল) ৯৮ নং অনুরাগ গৌরীপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পুরান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিতরণের জন্য আনা কলার বড় অংশই পচা ও দাগযুক্ত পাওয়া যায়। এতে অভিভাবকরা ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ করলে সরবরাহকারীদের সঙ্গে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। পরে তারা ঘটনাস্থল ত্যাগ করেন।
স্থানীয়দের ভাষ্য, ২০২৫ সালের ১৭ নভেম্বর থেকে স্কুল ফিডিং কর্মসূচি চালু হলেও শুরু থেকেই খাবারের মান নিয়ে অসন্তোষ রয়েছে। সরবরাহ চালান নম্বর ২৭৯৩০-এ ‘আইল্যান্ড ট্রেডিং লিমিটেড’ বনরুটি ১২০ গ্রাম, কলা ১০০ গ্রাম এবং সিদ্ধ ডিম ৬০ গ্রাম সরবরাহের কথা উল্লেখ থাকলেও বাস্তবে নিম্নমানের খাদ্য বিতরণ করা হচ্ছে বলে অভিযোগ ওঠে।
ঠিকাদারি প্রতিষ্ঠানের এক কর্মকর্তা জানান, স্থানীয় এজেন্ট নিয়োগ দিয়ে খাদ্য সরবরাহ করা হয়। অন্যদিকে স্থানীয় এজেন্ট সজল ফকির বলেন, বিপুল পরিমাণ কলা রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে পরিবহন করতে গিয়ে কিছু কলা নষ্ট হতে পারে। তবে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ রয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাঃ শিরিন বেগমের বক্তব্য পাওয়া যায়নি। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম মজুমদার বলেন, কোনো স্কুলে পচা কলা এলে তা গ্রহণ না করে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্ত ও মানসম্মত খাবার নিশ্চিত করার দাবি জানিয়েছে।
Leave a Reply