শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার রোধে সংবাদ প্রকাশের আগে বাধ্যতামূলকভাবে ফ্যাক্ট চেকিং করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করলে সমাজে ভুল তথ্য ছড়িয়ে পড়ে এবং গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হয়।
শুক্রবার রাতে পাবনা প্রেসক্লাব-এ আয়োজিত সাংবাদিকদের মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ডিজিটাল যুগে সংবাদ পরিবেশনের গতি বাড়লেও তথ্য যাচাইয়ের গুরুত্ব আরও বেড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে অনিয়ন্ত্রিত তথ্য প্রবাহের কারণে বিভ্রান্তি তৈরি হচ্ছে। এ পরিস্থিতিতে দায়িত্বশীল সাংবাদিকতা প্রতিষ্ঠা করতে হলে তথ্য যাচাই ছাড়া সংবাদ প্রকাশ করা যাবে না।
তিনি জানান, সাংবাদিকদের সংগঠিত ও শক্তিশালী করতে দেশের প্রতিটি জেলায় একটি করে প্রেসক্লাব প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে পেশাগত দক্ষতা বৃদ্ধি ও সাংবাদিকদের মধ্যে ঐক্য সুদৃঢ় হবে।
এর আগে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে আয়োজিত ‘পাবনা বইমেলা’ উদ্বোধন করেন তথ্যমন্ত্রী। অনুষ্ঠানে তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার সব পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
তিনি আরও জানান, অতীত সময়ে গণমাধ্যমকর্মীদের ওপর সংঘটিত নির্যাতনের তালিকা প্রস্তুত করা হচ্ছে, যা ভবিষ্যতে নীতি প্রণয়নে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
Leave a Reply