রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
গৌরনদী প্রতিনিধি ॥ বরিশালের গৌরনদীতে তেলবোঝাই একটি লরিতে আকস্মিক আগুন লাগার ঘটনায় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। চালকের উপস্থিত বুদ্ধি ও ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে সম্ভাব্য ভয়াবহ ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে সেন্ট পিটার ফিলিং স্টেশন ও আশপাশের এলাকা।
রোববার (৫ এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে গৌরনদী উপজেলার নাহার সিনেমা হল সংলগ্ন সেন্ট পিটার ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, পদ্মা ডিপো থেকে পেট্রোল বোঝাই একটি লরি তেল সরবরাহের উদ্দেশ্যে ফিলিং স্টেশনে প্রবেশ করে। হঠাৎ করেই লরিটিতে আগুন ধরে গেলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।
এ সময় লরির চালক ঝুঁকি নিয়ে আগুন লাগা যানটি ফিলিং স্টেশন এলাকা থেকে সরিয়ে গৌরনদী-আগৈলঝাড়া সড়কের মাঝখানে নিয়ে যান। তার এই সিদ্ধান্তের ফলে ফিলিং স্টেশনের তেলের মজুদ ও স্থাপনা অগ্নিকাণ্ড থেকে নিরাপদ থাকে।
ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশের ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারীরা দ্রুত নিরাপদ স্থানে সরে যান। স্থানীয়রা জানান, আগুন ফিলিং স্টেশনে ছড়িয়ে পড়লে বড় ধরনের বিস্ফোরণ ঘটতে পারত।
খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাদের দ্রুত তৎপরতায় আগুন আর বিস্তার লাভ করেনি।
তবে এখনো আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাও নিশ্চিত নয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের মতে, চালকের সাহসী পদক্ষেপ এবং ফায়ার সার্ভিসের দ্রুত সাড়া বড় ধরনের দুর্ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
Leave a Reply