বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার পদে নির্বাচিত হয়েছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ। বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রথম অধিবেশনে একমাত্র প্রস্তাবের ভিত্তিতে তিনি কণ্ঠভোটে গৃহীত হয়ে স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
অধিবেশনের সভাপতিত্ব করেন খন্দকার মোশাররফ হোসেন। তিনি জানান, স্পিকার পদে শুধুমাত্র হাফিজ উদ্দিন আহমদের মনোনয়ন এসেছে। প্রস্তাব উত্থাপনের জন্য সংসদ সদস্য নুরুল ইসলাম আহ্বান পান। নুরুল ইসলাম প্রস্তাব করেন এবং সংসদ সদস্য রকিবুল ইসলাম সমর্থন জানান। এতে হ্যাঁ জয়লাভ করে হাফিজ উদ্দিন আহমদ স্পিকার নির্বাচিত হন।
হাফিজ উদ্দিন আহমদ একজন বীর মুক্তিযোদ্ধা। মহান মুক্তিযুদ্ধে অসামান্য সাহসিকতার জন্য রাষ্ট্রের তৃতীয় সর্বোচ্চ বীরত্ব পদক বীর বিক্রমে ভূষিত হয়েছেন। খেলাধুলার মধ্যে তৎকালীন পাকিস্তান ফুটবল দলের অধিনায়ক হিসেবে তার খ্যাতি সুপরিচিত। ১৯৬৪ সাল থেকে তিনবার পূর্ব পাকিস্তানের দ্রুততম মানব নির্বাচিত হয়েছেন।
রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতার অধিকারী হাফিজ উদ্দিন আহমদ ১৯৮৬ ও ১৯৮৮ সালে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হন এবং ১৯৯২ সালে বিএনপিতে যোগ দেন। ষষ্ঠ ও সপ্তম সংসদে তিনি বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে ৮১ বছর বয়সী হাফিজ উদ্দিন আহমদ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর দায়িত্বও পালন করছেন। তার দীর্ঘ রাজনৈতিক ও মুক্তিযুদ্ধসংক্রান্ত অভিজ্ঞতা সংসদ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
Leave a Reply