বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ মন্ত্রী ও দলের সংসদ সদস্যদের চলনে–বলনে মার্জিত ও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে গণমাধ্যমের সঙ্গে কথা বলার ক্ষেত্রেও সংযত থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
বুধবার (১১ মার্চ) সকালে জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের প্রথম সভায় সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। সভায় উপস্থিত একাধিক সংসদ সদস্য পরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
সূত্র জানায়, সভায় প্রধানমন্ত্রী বিশেষভাবে উল্লেখ করেন—যার যে দায়িত্ব, তার বাইরে গিয়ে কেউ যেন কোনো বিষয়ে মন্তব্য না করেন। এতে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে এবং সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের ফ্যামিলি কার্ড নিয়ে অনেকেই অনেক কথা বলেছে। কিন্তু ভোটের আঙুলের কালির দাগ মোছার আগেই আমরা প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি। এটাই হচ্ছে বিএনপি। এই বিএনপিকেই মানুষ দেখতে চায়।’
বেলা সোয়া ১১টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সভা শুরু হয়ে চলে বেলা ১টা পর্যন্ত। সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এরপর বক্তব্য দেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সভায় বিএনপির ২০৯ জন সংসদ সদস্য অংশ নেন। মঞ্চে প্রধানমন্ত্রীর এক পাশে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সালাহউদ্দিন আহমদ এবং অন্য পাশে বসেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী বিএনপির নেওয়া বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির অগ্রগতি তুলে ধরেন এবং সামনের দিনগুলোর করণীয় নিয়ে মন্ত্রী ও সংসদ সদস্যদের দিকনির্দেশনা দেন।
তিনি জানান, দ্রুত সময়ের মধ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি সারা দেশে খাল খনন কর্মসূচি শুরু করা হবে। পাশাপাশি আসন্ন ডেঙ্গুর মৌসুমকে সামনে রেখে পরিষ্কার–পরিচ্ছন্নতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সবাইকে সতর্ক করেন।
জুলাই জাতীয় সনদের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সনদের কিছু বিষয়ে বিভিন্ন পক্ষের ‘নোট অব ডিসেন্ট’ রয়েছে। যেসব বিষয় বাস্তবায়নযোগ্য, সরকার সেগুলো বাস্তবায়নের উদ্যোগ নেবে।
সভায় তরুণ মন্ত্রীদের নিয়মিত ও সময়মতো অফিস করার ওপর জোর দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, মন্ত্রিসভায় অনেক জ্যেষ্ঠ নেতা আছেন, তাই তরুণদের সকাল ৯টার মধ্যেই অফিসে উপস্থিত থাকতে হবে। অফিসে যাতায়াতের সময় ট্রাফিক আইন মেনে চলার পরামর্শও দেন তিনি।
Leave a Reply