বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ ঈদকে সামনে রেখে রাজধানী ঢাকা ছাড়তে প্রস্তুতি নিচ্ছেন লাখো মানুষ। ফলে বাস, ট্রেন ও নৌপথে যাত্রীচাপ সামাল দিতে পরিবহন খাতে চলছে ব্যাপক প্রস্তুতি। একই সঙ্গে নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোও নানা উদ্যোগ নিচ্ছে।
বুধবার (১১ মার্চ) রাজধানীর বিভিন্ন বাস ওয়ার্কশপে দেখা যায়, পুরোনো বাস মেরামত ও রং করার কাজ চলছে। অনেক বাসকে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে যাতে ঈদের সময় যাত্রী পরিবহনে ব্যবহার করা যায়। পাশাপাশি নতুন বাসের জন্য নতুন সিট তৈরির কাজও চলছে।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য অনুযায়ী, এবারের ঈদে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর অঞ্চল থেকে গ্রামে ফেরা মানুষের প্রায় ৭৫ শতাংশই সড়কপথ ব্যবহার করবেন। এতে সড়কপথে গণপরিবহনের ওপর চাপ আরও বাড়বে।
এই চাপকে কেন্দ্র করে প্রতিবছরই ফিটনেসবিহীন গাড়ি মহাসড়কে চলাচল শুরু করে এবং অনেক ক্ষেত্রে বাড়তি ভাড়া ও টিকিট কালোবাজারির অভিযোগও ওঠে।
ঢাকা পরিবহন মালিক সমিতির নেতা এম এ বাতেন বলেন, সিটি সার্ভিসের গাড়ি যেন লং রুটে না চলে সে বিষয়ে মালিকদের সঙ্গে বৈঠক হয়েছে। যেসব চালকের লাইসেন্স হালকা যানবাহনের জন্য, তাদের দিয়ে দূরপাল্লার বাস চালাতে দেওয়া হবে না বলেও জানান তিনি।
এদিকে কমলাপুর রেলওয়ে স্টেশনেও ঈদযাত্রাকে কেন্দ্র করে প্রস্তুতি জোরদার করা হয়েছে। শৃঙ্খলা বজায় রাখতে স্টেশনে বাঁশের বেষ্টনি বসানো হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি বাড়ানো হয়েছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বাংলাদেশ রেলওয়ে পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। অগ্রিম টিকিট শতভাগ অনলাইনে দেওয়া হয়েছে।
অন্যদিকে সদরঘাট লঞ্চ টার্মিনালেও চলছে প্রস্তুতি। লঞ্চগুলো রং করে নতুনভাবে সাজানো হচ্ছে। ঈদের সময় প্রতিদিন প্রায় দেড় লাখ যাত্রী নৌপথে যাতায়াত করবেন বলে ধারণা করা হচ্ছে।
ঈদযাত্রা নিরাপদ রাখতে কোস্টগার্ড, নৌপুলিশ ও র্যাব ঘাট এলাকায় টহল দেবে এবং অতিরিক্ত যাত্রী ও ভাড়া আদায় ঠেকাতে নজরদারি জোরদার করবে বিআইডব্লিউটিএ।
Leave a Reply