বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ দেশের শিক্ষাব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর ও আধুনিক করতে ব্যাপক কর্মপরিকল্পনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, আগামী ছয় মাসের মধ্যে সাড়ে ১০ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই সংযোগ চালু করা হবে এবং পর্যায়ক্রমে সব প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হবে।
বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য সেলিম রেজার প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, ২ হাজার ৩৩৬টি কারিগরি প্রতিষ্ঠান ও ৮ হাজার ২৩২টি মাদ্রাসায় বিনামূল্যে ওয়াই-ফাই চালু করা হবে। একইসঙ্গে দেড় হাজার মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট সুবিধা সম্প্রসারণ করা হবে।
তিনি বলেন, ডিজিটাল শিক্ষা নিশ্চিত করতে প্রতিটি শিক্ষার্থী ও শিক্ষকের জন্য ‘এডু-আইডি’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যা শিক্ষা ব্যবস্থাকে তথ্যপ্রযুক্তিনির্ভর করবে। মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নে স্মার্ট ক্লাসরুম, শিক্ষক প্রশিক্ষণ এবং কারিগরি শিক্ষাক্রম চালু করা হবে।
কারিগরি শিক্ষার বিস্তারে প্রতিটি উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ এবং প্রতিটি জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনাও সরকারের রয়েছে। এছাড়া বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের মাধ্যমে শিক্ষার্থীদের এআই, সাইবার নিরাপত্তা, মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট, পাইথন প্রোগ্রামিং এবং এআইভিত্তিক ডিজিটাল মার্কেটিং বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
শিক্ষার মানোন্নয়নে সরকার শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির ৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। প্রাথমিক শিক্ষায় বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ এবং পর্যায়ক্রমে মিড-ডে মিল চালুর উদ্যোগও নেওয়া হচ্ছে। পাশাপাশি নারী শিক্ষার প্রসারে প্রতিটি উপজেলা সদরে একটি করে মহিলা কলেজ সরকারীকরণের বিষয় ইতিবাচকভাবে বিবেচনায় রয়েছে।
Leave a Reply