বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে অষ্টম শ্রেণির চৈতি নামের এক স্কুলছাত্রী স্কুল ছুটির পর বাড়ি ফেরার সময় অটোরিকশার চাপায় নিহত হওয়ার ঘটনায় শিক্ষার্থীরা বিক্ষোভে সড়ক অবরোধ করেছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিএম কলেজ সড়কের শের-ই-বাংলা বালিকা বিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা অবরোধে বসেন। এক ঘণ্টার বেশি সময় ধরে যান চলাচল বন্ধ থাকায় এলাকায় যানজট ও উত্তেজনা সৃষ্টি হয়।
খবর পেয়ে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি শিক্ষার্থীদের আশ্বস্ত করে জানান, দোষী অটোচালককে দ্রুত গ্রেপ্তার করে শের-ই-বাংলা স্কুলের সামনে হাজির করা হবে। এছাড়া নগরীর অবৈধ অটো চলাচল বন্ধ করা হবে। শিক্ষার্থীরা প্রশাসকের আশ্বাসে ক্লাসে ফিরে যান। প্রশাসক নিজেও তাদের ক্লাসে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন।
প্রশাসক শিরীন বলেন, “চিকিৎসা অবহেলার কারণে চৈতির মৃত্যু হয়েছে। দোষীদের কাউকেই ছাড় দেওয়া হবে না। যারা অবৈধ যানবাহন চলাচলের পক্ষে কথা বলেন, তাদের কাছে প্রশ্ন, চৈতিকে ফিরিয়ে দিতে পারবে কি তারা।”
স্থানীয়রা জানান, বুধবার স্কুল ছুটির পর চৈতি স্কুলের সামনের সড়ক পার হওয়ার সময় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন। প্রথমে বরিশাল জেনারেল হাসপাতালে এবং পরে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
তারা অভিযোগ করেন, এর আগেও নগরীর ওই সড়কে অবৈধ অটোর ধাক্কায় প্রাণহানী ঘটেছে। কিন্তু দোষীদের যথাযথ বিচার না হওয়ায় একই ধরনের ঘটনা পুনরাবৃত্তি হচ্ছে।
বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন উল ইসলাম জানান, চৈতির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত: বরিশাল নগরীতে দিন দিন অবৈধ অটোর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিসিসি কিছুদিন ধরে এ অবৈধ যান বন্ধে পদক্ষেপ গ্রহণের কথা বললেও তা বাস্তবায়িত হয়নি।
Leave a Reply